২০১৩ সালে গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তারেক রহমান শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার জন্য তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

সেই নির্দেশনা অনুযায়ী, আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসভবনে যান। সেখানে তারেক রহমানের পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ সভাপতি ফারজানা রিমি প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যান। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।