আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার পৃথক দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সোমবার ট্রাইব্যুনাল তাঁদের গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী মুক্তকণ্ঠকে জানান, কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবিরকে গুম করার অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউল ও তারেককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। উল্লেখ্য, নিখোঁজ হওয়া ওই দুই ব্যক্তি এখন পর্যন্ত ফিরে আসেননি।

প্রসিকিউটর শাইখ মাহদী আরও জানান, লক্ষ্মীপুরের যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমনকে বিচারবহির্ভূত হত্যা এবং বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় জিয়াউল ও তারেক সাঈদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।