বিদেশে কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১০ থেকে ১৪ লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সিঙ্গাপুরে আয়োজিত ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই কথা জানান। সোমবার (১০ আগস্ট) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে জমিজমা বিক্রি করে বিপুল অর্থ ব্যয় করে বিদেশে আসতে হয়।"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করেছে। সিঙ্গাপুরে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে তিনি জানান।
রেমিট্যান্সের তথ্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫ দশমিক ০৩ মিলিয়ন ডলার। প্রবাসীদের দেশের গর্ব ও শক্তি হিসেবে অভিহিত করে শামা ওবায়েদ বলেন, তাদের কঠোর পরিশ্রম একদিকে পরিবারের জীবনমান উন্নত করছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করছে।
অভিবাসীদের সেবা প্রদান এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি পৃথক ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে বলে তিনি জানান। এই উইংটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করছে।