বয়স কিংবা সংসারের প্রতিকূলতা যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের এক কাঠমিস্ত্রি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মো. নাসিমুল হক।

সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর নাসিমুলের এই অভাবনীয় সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের পরিবেশ তৈরি হয়। তার এই সাফল্যে সহকর্মী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা নাসিমুল হক চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে অংশ নেন। তিনি জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পেশায় কাঠমিস্ত্রি হওয়ার পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিজের এই অর্জনের অনুভূতি ব্যক্ত করে নাসিমুল হক বলেন, "সংসারের হাল ধরতে ২০০২ সালে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সারাদিন কাঠে নকশা তৈরি ও আসবাবপত্র বানানোর হাড়ভাঙা খাটুনির পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর জমা ছিল। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং নিজে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হওয়ার স্বপ্ন থেকেই এই বয়সে আবার বই হাতে তুলে নিয়েছিলাম।"

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, "ইচ্ছা থাকলে যে কোনো বয়সে সফল হওয়া সম্ভব। আমার ইচ্ছা আছে সামনেও এই পড়াশোনা চালিয়ে যাওয়ার।"

নাসিমুলের এই সাফল্যে প্রতিক্রিয়া জানিয়ে ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, "সংসার ও পেশাগত দায়িত্ব পালন করেও ৪৫ বছর বয়সে এমন চমৎকার ফলাফল করা এক অনন্য দৃষ্টান্ত। তার এই সাফল্য সমাজের পিছিয়ে পড়া ও বয়স্ক মানুষকে শিক্ষার প্রতি নতুন করে উৎসাহিত করবে।"