২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পাসের হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি। দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় তিনি এই সংকটের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। আজহারি বলেন, "২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫%। উদ্বেগের বিষয় হচ্ছে— দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন— সেসব আলোচনাও সামনে আসা জরুরি।"
শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের ভূমিকা নিয়েও আলোকপাত করেন তিনি। তিনি আরও বলেন, "শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে।"
উল্লেখ্য, সোমবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছরের গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র ও ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র ও ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী।
মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৭ হাজার ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষায় বসে। এর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন অকৃতকার্য হয়েছে। মাদ্রাসা বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে, কারিগরি বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ৪৭০ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৩ হাজার ৪৯৪ জন। কারিগরি বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এ বছর এসএসসির মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সর্বমোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।