রাজধানীর ডেমরায় বিবাহবার্ষিকীর দিনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন আরেফিন বেগম (২১) নামের এক গৃহবধূ। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
গতকাল রোববার রাতে ডেমরার দুর্গাপুর মাঝপাড়া এলাকায় নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সেখানে স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে বসবাস করতেন আরেফিন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, গতকাল রাতে দুর্গাপুরে বাসার সামনে থেকে পুলিশ আরেফিনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, "তাঁর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া জখম ছিল। লাশে কেরোসিনের গন্ধও পাওয়া যায়।"
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট ছিল আরেফিন বেগম ও মো. ইয়াছিনের বিবাহবার্ষিকী। তাঁদের তিন মাসের একটি পুত্রসন্তান রয়েছে। শিশুটির ঠান্ডা লাগায় স্বামী ইয়াছিন তাকে আগুনের সেঁক দেওয়ার কথা বলেন আরেফিনকে। সে সময় শিশুটি তার মায়ের শরীরে মলত্যাগ করে দেয়।
এসআই তোফায়েলের ভাষ্যমতে, এরপর কাপড় পরিবর্তনের জন্য আরেফিন একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করেন। কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে আগুন দেখতে পান বাইরে থাকা লোকজন। তখন স্বামী ইয়াছিনসহ উপস্থিত ব্যক্তিরা দরজা ভেঙে দগ্ধ অবস্থায় আরেফিনকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ গতকাল রাতে ওই বাসার সামনে থেকে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এই প্রাথমিক ধারণা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।