সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রবিবার বেলা দুইটার দিকে কারখানায় আগুন ধরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস। বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টায় এই উদ্ধার কার্যক্রম শেষ হয়।
জানা গেছে, ওই কারখানাটি বাংলাদেশি কর্মীদের মাধ্যমেই পরিচালিত হতো এবং সেখানে মোট ১৭ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। ঘটনার সময় মাত্র একজন কর্মী, হাবিবুর রহমান হাবিব, বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তিনি জানান, দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটার জন্য সেলুনে গিয়েছিলেন। ফিরে এসে তিনি কারখানায় আগুন জ্বলতে দেখেন।
ফায়ার সার্ভিস সূত্রে দূতাবাসকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন এবং বাকিদের শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কলিম উদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল। এদের মধ্যে সাব্বির ও শামিম নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং শ্যামল রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন।
নওগাঁ, নাটোর এবং রাজশাহীর ১৬ জন প্রবাসী শ্রমিকের এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মন্ত্রী জানান, "সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।"
তিনি আরও জানান, "নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।"