নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজজনিত বিস্ফোরণে দগ্ধ হয়ে আট বছরের শিশু মারুফের মৃত্যুর পর এবার তার মা বিউটি আক্তারেরও মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিউটি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। দগ্ধ বিউটির স্বামী মাইদুল ইসলামও বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিউটি আক্তারের ছেলে মারুফ। বিস্ফোরণের তিন দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হলো। বর্তমানে পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে মাইদুল ইসলাম হাসপাতালে লড়াই করে চলেছেন।
গত শুক্রবার ভোরে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকায় সালাউদ্দিনের একটি টিনশেডের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পেশায় রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৮) ওই বাড়ির একটি কক্ষে স্ত্রী বিউটি আক্তার (২৪) ও ছেলে মারুফকে নিয়ে থাকতেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। ঘরের জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। ধারণা করা হচ্ছে, ভোরে মাইদুল ইসলাম সিগারেট ধরানোর সময় আগুনের সংস্পর্শে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।