ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যায় ছাত্ররা এগিয়ে থাকলেও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের আধিপত্য দেখা গেছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক। প্রকাশিত তথ্যানুযায়ী, এ বোর্ডে এবার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশে।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন। মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ২৭৪ জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। শতাংশের হিসেবে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে রয়েছে। এ বছর মোট ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৯ জন এবং ছাত্রের সংখ্যা ২ হাজার ৬২১ জন।

ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর—এই চারটি জেলার মোট ১ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে নেত্রকোনা জেলা (৬০ দশমিক ৪৯ শতাংশ)। দ্বিতীয় স্থানে ময়মনসিংহ (৫৭ দশমিক ৮০ শতাংশ), তৃতীয় স্থানে জামালপুর (৫৫ দশমিক ৬০ শতাংশ) এবং চতুর্থ স্থানে শেরপুর জেলা (৫৫ দশমিক ৪১ শতাংশ)।

বিভাগীয় ফলাফলের তথ্যানুসারে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৪৮ দশমিক ৯৯ শতাংশ এবং মানবিকে ৪৬ দশমিক ১২ শতাংশ। এ বছর বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তবে চারটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল প্রসঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এনামুল হক বলেন, "বিগত বছরগুলোতে পড়াশোনা খুব কম করেও ভালো ফল করত শিক্ষার্থীরা। এ কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনাবিমুখ হয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে এ বছরের ফলে। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আগামীতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।"