রাজশাহীতে বিএসটিআই-এর গুণগত মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরির অভিযোগে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ‘রোজা বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
কাস্টমস ও বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং ক্ষতিকর অখাদ্য (নন-ফুডগ্রেড) উপাদান ব্যবহার করে ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক) উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে সহযোগিতা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল।
বিএসটিআই কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।