নোয়াখালীর সদর উপজেলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন— সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজের পর নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির পর উপজেলায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। এই খবর পেয়ে এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাগারের ফটকে অবস্থান নেন দলটির সমর্থক ও নেতাকর্মীরা। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
ঘটনা প্রসঙ্গে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "কারামুক্ত ব্যক্তিদের স্বজনেরা দু-একটি ফুলের মালা নিয়ে আসা স্বাভাবিক হতে পারত। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ভর্তি ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা মুক্তি পাওয়া ব্যক্তিদের কোনো আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে এসে তারা ছবি তুলে শোডাউন করার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।"