সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহীতে। নিহতরা হলেন— নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল, সাগর; নাটোরের শামিম, সাব্বির এবং রাজশাহীর শ্যামল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে আরও জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।