স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে দলের একক প্রার্থীর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ রোববার রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরের হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামে নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে চট্টগ্রাম নগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন রাতে মুক্তকণ্ঠকে বলেন, "প্রধানমন্ত্রী দলের নেতা–কর্মীদের ভালোভাবে চলার জন্য বলেছেন। কেউ যাতে কোনো দখল–বেদখলে জড়িয়ে না পড়েন। অর্থাৎ যেসব কাজে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে তা থেকে দূরে থাকতে হবে।"

তিনি আরও জানান, বিরোধী দলসহ নানা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেলায়েত হোসেন আরও বলেন, "বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে নেতা–কর্মীদের সম্পর্ক ভালো রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের কাছে বিএনপি সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হার্টের রিংয়ের দাম কমানো ও ৬০টি পণ্যের দামও কমানোর বিষয়ে প্রচার করতে হবে।"

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় তাঁরা উচ্ছ্বসিত এবং মাঠপর্যায়ে কর্মীদের মাঝে এই বার্তা পৌঁছে দেবেন যেন কেউ দলের ক্ষতি হয় এমন কাজে না জড়ান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আলট্রাসুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এসময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, উৎপাদন ও পরিচালন কার্যক্রম, সক্ষমতা, জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

এরপর হেলিকপ্টারে বাঁশখালীর বাহারছড়াতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ১০০টি অসচ্ছল পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। দুর্যোগ মোকাবিলায় ঘরগুলোতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক এবং জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তীতে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চান এবং হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখেন তিনি।