পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে বৃক্ষমেলার অনুমতি নিয়ে বসানো অননুমোদিত বাণিজ্যিক দোকানগুলো সরাতে আয়োজকদের আজ রোববার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে দোকানগুলো অপসারণ করা না হলে আগামীকাল সোমবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ওই পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, বৃক্ষমেলার অনুমতি নেওয়া হলেও পার্কের ভেতরে অননুমোদিত বাণিজ্যিক মেলা বসানো হয়েছে। এসব দোকানের কারণে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাফেরা, বসা ও হাঁটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

এর আগে মুক্তকণ্ঠের সরেজমিন প্রতিবেদনে উঠে আসে, বৃক্ষমেলার নামে বাহাদুর শাহ পার্কে খাবার, পোশাক, গয়না, খেলনা, থালাবাসনসহ নানা পণ্যের দোকান বসানো হয়েছে। মেলার দেখভালের দায়িত্বে থাকা একজন জানিয়েছিলেন, ৬০টি দোকান বসানোর অনুমতি নেওয়া হয়েছে। তখন পর্যন্ত ৩৩টি দোকান বসেছিল। দোকানিদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি দোকান থেকে দৈনিক তিন হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছিল।

জনস্বার্থ রক্ষা এবং নগরীর উদ্যানগুলোর পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।