দেশের উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসার এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নতুন জনবল নিয়োগের ফলে বেতন-ভাতা বাবদ সরকারের বছরে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবা চালু রাখার পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতেই এই পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জনপ্রতি মাসিক গড় বেতন-ভাতা হবে প্রায় ৪৮ হাজার টাকা।

সারা দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এই পদগুলো সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের এই প্রস্তাবে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে অবস্থান করছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন জনবল নিয়োগের মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট দূর হবে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। উল্লেখ্য, চলতি অর্থবছরে শুধু স্বাস্থ্য খাতেই বিভিন্ন পদে মোট ১৫ হাজার ৮২০ জন নতুন জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।