বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় এসব পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে রোববার (৯ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাকেরগঞ্জের মোট ১৪টি ইউনিয়নের মধ্যে চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ এখনও শেষ হয়নি। ফলে এই তিনটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
উপজেলা প্রশাসনের জানিয়েছে, প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়নে পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নাগরিক সেবা ব্যাহত হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, "স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।"