মুন্সীগঞ্জ সদর উপজেলার চর রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা নারী মরদেহটির হাত বাঁধা ছিল বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর রমজানবেগ এলাকায় মেঘনা নদীর কচুরিপানার মধ্য থেকে প্রথমে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। দেখা যায়, ওই নারীর দুই হাত বাঁধা ছিল।

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি বলেন, “মরদেহ দুটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।”

তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ডিআইজি আলমগীর হোসেন বলেন, “পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”