ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগ নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত খান রেজবি সাব্বির পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি এর আগে রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া থানায় তিনটি মামলায় খান রেজবি সাব্বিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ফলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় চরখালী ফেরিঘাট এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, "সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।"