দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান বর্তমানের ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এই তথ্য জানিয়েছেন।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, "দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ খাতগুলোর সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পর্যটন খাতকে বিশ্বমানে নিয়ে যেতে সরকার কাজ করছে। এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার জন্য আজকের এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, "বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।"
পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সব সময় প্রস্তুত।"
বিগত বছরগুলোর পর্যটন খাতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।"
সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পর্যটনমন্ত্রী। অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতা, সংশ্লিষ্ট অংশীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।