রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় ফুটপাতের দোকানি মো. আফজাল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া নবাবগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রতন দেওয়ানকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার সালেহ আবু নাঈমের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই আদেশ প্রদান করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মাহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির রিমান্ড শুনানি না থাকায় তাঁকে শুনানিতে হাজির করা হয়নি।

তদন্ত কর্মকর্তার করা আবেদনের মধ্যে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে আটক রাখা অত্যন্ত জরুরি। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ রতন দেওয়ানকে গ্রেপ্তার করে। এই হত্যা মামলায় তিনি ১৮৫ নম্বর নামোল্লিখিত আসামি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী থানার বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে পদচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন ভ্রাম্যমাণ মনোহারি দোকানদার আফজাল হোসেন। সেই সময় আন্দোলন দমনে পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের ছোড়া গুলিতে আফজালের পেটে আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ভুক্তভোগী আফজাল হোসেনের ভাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার সালেহ আবু নাঈম মুক্তকণ্ঠকে জানান, গত মাসে মামলাটি আদালতে হয়। এই মামলায় ২৫০ জনের বেশি নামোল্লিখিত আসামি রয়েছেন, যার মধ্যে রতন ১৮৫ নম্বর আসামি।