বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের খেলার মাঠে এখন আর ফুটবল বা ক্রিকেটের চর্চা নেই, নেই খেলোয়াড়দের ছোটাছুটি। দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও অনুপযোগী হয়ে পড়ে থাকা ওই মাঠে এবার কচুর চারা লাগিয়ে ব্যতিক্রমী ও প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কলেজের বাণিজ্য ভবনের মাঠে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মাঠ সংস্কার ও খেলাধুলা চালুর দাবিতে তারা বারবার আন্দোলন করেছেন এবং প্রশাসনের কাছ থেকে আশ্বাসের কথা শুনলেও বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি, ২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলাধুলার আয়োজন করা হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর খেলাধুলার ফি বাবদ বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা আদায় করা হয়। মাঠ দীর্ঘকাল অনুপযোগী হয়ে থাকলেও সংগৃহীত অর্থের বিপরীতে খেলাধুলার ন্যূনতম সুযোগটুকুও তারা পাচ্ছেন না বলে জানান তারা।
জানা গেছে, মাঠ সংস্কার, খেলাধুলা চালু, অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। ২০২৫ সালে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পর কলেজ প্রশাসন মাঠ সংস্কারের আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরের মে মাসে সঠিক সেবা নিশ্চিত করা ও আন্তঃবিভাগ টুর্নামেন্ট আয়োজনসহ ১০ দফা দাবি জানানো হলে অধ্যক্ষের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়। তবে একাধিক বৈঠকের পরও কোনো ফলাফল মেলেনি এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাটি শেষ পর্যন্ত আটকে যায়। এই পরিস্থিতিতেই শিক্ষার্থীরা মাঠে কচুর চারা লাগিয়ে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন, "আজকের কর্মসূচি আমাদের প্রতীকী আন্দোলন। এর মাধ্যমে কলেজ প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, সাধারণ শিক্ষার্থীদের ভুয়া আশ্বাস দিয়ে থামিয়ে রাখা যাবে না। প্রশাসনের ব্যর্থতা ও নীরব ভূমিকার বিরুদ্ধেই এই প্রতিবাদ।"
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির সিকদার বলেন, "২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলার আয়োজন করা হয়নি। অথচ প্রতি বছর লাখ লাখ টাকা স্পোর্টস ফি দেওয়া সত্ত্বেও খেলাধুলা কেন বন্ধ থাকবে? আমরা দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাচ্ছি।"
শিক্ষার্থীদের এই প্রতিবাদের বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলাম বলেন, "টুর্নামেন্ট আয়োজনের জন্য অনেক কাজ এগিয়ে নেওয়া হয়েছিল। আগে মাঠের চারপাশে রাস্তা ছিল না, এখন রাস্তা হওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে যাচ্ছে। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এ সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে এবং একটি প্রকল্প নেওয়া হয়েছে। পানি কমলেই খেলাধুলার আয়োজন করা হবে।"