দেশের হাওর ও সমুদ্র উপকূলসহ বিভিন্ন এলাকায় দেশীয় প্রজাতির মিঠাপানির মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব অভয়াশ্রমের সুরক্ষায় স্থানীয় পর্যায়ে পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মৎস্য খাতের গুরুত্ব উল্লেখ করে আমিন উর রশিদ বলেন, "বৃহত্তর ময়মনসিংহ এবং বিশেষ করে কিশোরগঞ্জ মাছ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণত সরকারপ্রধানেরা কোনো হলরুমে বসে পুরস্কার বিতরণ করে থাকেন। তবে এবার প্রান্তিক ও মাঠপর্যায়ের সফল উদ্যোক্তাদের কর্মস্থলে সরাসরি গিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অবৈধ জালের উৎপাদন বন্ধ করতে পারলে বাজারে এর ব্যবহার পুরোপুরি বন্ধ হবে। এরই মধ্যে মুন্সিগঞ্জে এই ধরনের কয়েকটি কারখানা বন্ধ ও সিলগালা করা হয়েছে। দেশের অন্য কোথাও যেন এসব জালের নতুন করে উৎপাদন শুরু না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর আসন্ন কিশোরগঞ্জ সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, "১৬ আগস্ট কিশোরগঞ্জে আসার পথে প্রধানমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। একই দিনে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক দেওয়া হবে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বিতরণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।"
সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, "জনগণের জন্য সরকারের নেওয়া বেশির ভাগ উন্নয়নমূলক উদ্যোগের সূচনা কিশোরগঞ্জ থেকেই শুরু হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সরাসরি জনগণের কাছে যাবে—এটাই বর্তমান সরকারের মূল ভিন্নতা।"
এর আগে সকালে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার থানারঘাট-বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ এবং কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।
সংশ্লিষ্ট কর্মসূচিসমূহে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।