বরিশালের গৌরনদীতে রাতের অন্ধকারে সরকারি বনায়নের দুটি সেগুনগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির বিষয়টি গোপন রাখতে গাছের গোড়ায় কাদা মেখে রাখা হলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে যাওয়ায় জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনাটি উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর সরকিল গ্রামের। শনিবার (৮ আগস্ট) সকালে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর সরকিল-হোসনাবাদ সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের দুটি সেগুনগাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাছ কেটে নেওয়ার পর জালিয়াতি ঢাকতে গাছের কাটাস্থলে ও গোড়ায় কাদা মেখে দেওয়া হয়। তবে বৃষ্টির কারণে গোড়ার কাদা সরে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কেটে নেওয়া গাছ দুটির আনুমানিক মূল্য অর্ধলাখ টাকারও বেশি বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, গত দু-এক দিন আগে বৃষ্টির সুযোগ নিয়ে রাতের কোনো এক সময়ে গাছ দুটি কেটে নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস জানান, "ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে গাছ কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"