রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে খুব শীঘ্রই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত দিনব্যাপী জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রযুক্তিতে তরুণ প্রজন্মের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "নিউক্লিয়ার প্রকল্প একটি সমন্বিত প্রকল্প। বিজ্ঞানী ও ঠিকাদারদের সম্মিলিত প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।"

অনুষ্ঠানে মেধাবী তরুণদের বিদেশমুখিতা ও মেধা পাচার রোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “'ব্রেইন ড্রেন' দেখতে চাই না। আমরা চাই, আমাদের মেধাবী ছেলে-মেয়েরা, যারা বিদেশে আছে, তারা দেশে ফিরে আসুক।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ এবং উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে ইউএফটিবি-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক এই উৎসবে অংশ নেন, যাদের মধ্যে মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতার পাঁচটি ক্যাটাগরির মধ্যে লাইন ফলোয়িং রোবটে ৩৩টি, রোবো সকারে ২০টি, টেকাথনে ৩৫টি, প্রজেক্ট শোকেসে ৬৫টি এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়। বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও ইউএফটিবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী।

পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।