সহজে ঋণ পাওয়ার সুযোগ থাকায় সরকার কর আদায়ের মতো কঠিন পথে হাঁটতে আগ্রহী হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তাঁর মতে, জিডিপির তুলনায় বাংলাদেশে কর আদায়ের হার কম হওয়ার পেছনে প্রশাসনিক ও রাজনৈতিক—উভয় কারণই দায়ী।
সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, "কর আদায় করা যে কোনো সরকারের জন্যই একটি কঠিন কাজ। কিন্তু যখন দেশি বা বিদেশি উৎস থেকে সহজেই ঋণ নিয়ে বাজেট পরিচালনা করা যায়, তখন সরকার জনগণকে অসন্তুষ্ট করে কর আদায়ের কঠিন পথে হাঁটতে আগ্রহী হয় না।"
তিনি আরও উল্লেখ করেন যে, এই পরিস্থিতির কারণে দেশে কর ফাঁকি দেওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের মধ্যেও বিদ্যমান।
সরকারের প্রতি জনগণের আস্থার অভাবকে কর না দেওয়ার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, "মানুষ কর দেওয়ার পর সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং এর বিনিময়ে তারা কোনো নাগরিক সেবা পাচ্ছে কি না, তা নিয়ে সন্দিহান থাকে।"
কর প্রদানকে নাগরিকত্বের মূল্য হিসেবে অভিহিত করে তিনি বলেন, "রাষ্ট্র যখন করের বিনিময়ে যথাযথ সেবা নিশ্চিত করতে পারবে, তখনই জনগণের মধ্যে সরকারের প্রতি ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং কর প্রদানের প্রবণতাও বাড়বে।"