নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আট বছর বয়সী শিশু মারুফের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মা ও বাবা আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার ভোরে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া টিনশেড বাড়িতে। ওই বাড়ির একটি কক্ষে পেশায় রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৮) তার স্ত্রী বিউটি আক্তার ও ছেলে মারুফকে নিয়ে বসবাস করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের গ্যাসলাইনের লিকেজ হয়ে ভেতরে গ্যাস জমেছিল। জানালা বন্ধ থাকায় গ্যাস বাইরে বের হতে পারেনি। ভোরে মাইদুল সিগারেট ধরালে আগুনের সংস্পর্শে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে দগ্ধ অবস্থায় মাইদুল, বিউটি ও মারুফকে উদ্ধার করেন। এরপর তাঁদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনজনকে আইসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এই বিস্ফোরণে টিনশেড ঘরটির ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের সিলিং, লেপসহ নানা আসবাবপত্র পুড়ে যায় এবং সিলিং ফ্যানের পাখাও বেঁকে গেছে।