সাভারের আশুলিয়ায় বিএনপি নেতার বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, তাজা গুলি এবং মৃত্যুর হুমকি সংবলিত চিঠি রেখে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে শনিবার (৮ আগস্ট) ভোরে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকে একটি ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা ব্যাগটি খুলে তল্লাশি করলে ভেতরে এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপজল, গোসলের সাবান এবং হাতে লেখা একটি চিঠির সন্ধান পান। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিঠিসহ উদ্ধার করা আলামতগুলো জব্দ করে।

হাতে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠছেন, এটা তো ভালো হচ্ছে না...ভালোবেসে শেষ বিদায়ের সবকিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তবে আপনার কাছে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।’ চিঠির শেষে প্রেরকের নাম লেখা ছিল— ‘ইতি, অদৃশ্য মুসাফির।’

ভুক্তভোগী বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ভোরে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় থাকা এবং আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই ন্যক্কারজনক কাজ করেছে।’

ঘটনা প্রসঙ্গে আশুলিয়া থানার উপপরিদর্শক ও জামগড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন মোল্লা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।