ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন অন্যান্য আহতরা ১ লাখ টাকা করে অনুদান পাবেন।
শনিবার (৮ আগস্ট) সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, "বিআরটিএ-এর নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।"
মহাসড়কে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের অহেতুক প্রতিযোগিতা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, বিশেষ করে ভোরের দিকে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।