ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়ার বিষয়ে ভারতের কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি প্রশ্ন তোলেন, ভারত যদি দাবি করে যে তারা শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না, তবে তাকে বারবার বৈঠক ও রাজনৈতিক তৎপরতার সুযোগ দেওয়া হচ্ছে কেন।

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, "আপনারা হাসিনা কার্ড খেলবেন, আবার ভালো সম্পর্ক চাইবেন—সেটা হবে না। দুটো বিপরীতমুখী বিষয়।"

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তবে এই সম্পর্ক হতে হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে। তিনি সতর্ক করে বলেন, "আমরা আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারব না। আমরা বাংলাদেশের স্বার্থ ঠিক রেখে সম্পর্ক রাখব।"

সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, "এই ফ্যাসিস্টের দুঃখ প্রকাশ নেই, অনুশোচনা নেই। পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী কোনো বাক্স থাকত, তাহলে সেটা হতো হাসিনার মুখ।"

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এখন তিনি আর প্রকাশ্যে মুখ দেখাচ্ছেন না। আপনারা কি তাকে দেখেছেন? তিনি এখন পর্দানশীল হয়ে গেছেন, এখন আর মুখ দেখান না।"

আওয়ামী লীগের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "শেখ হাসিনা তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। আওয়ামী লীগের অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার বাবার আছে, ছেলের আছে, মেয়ের আছে—তারা খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এবার সঠিক দেশে প্রত্যাবর্তন করেছে। তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন তিনি সেখান থেকে কথা বলছেন।"