কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট। এতে করে আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
গত শুক্রবার (৭ আগস্ট) নির্ধারিত জ্বালানি সংগ্রহের (রিফুয়েলিং) জন্য রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। যাত্রীদের সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোম বিমানবন্দরে অবতরণ করে। রিফুয়েলিং শেষ করে দ্রুত ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে তা সম্ভব হয়নি।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার কারণে শিশু ও বৃদ্ধসহ অনেকেই অসুস্থ বোধ করছেন। এছাড়া শুরুতে তাঁদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলে দাবি করা হয়, যার ফলে বিমানের ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহকসেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন জানান, "উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সেটি রোমে গ্রাউন্ডেড করা হয়েছে। তবে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে এবং সেখানে তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।"
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ করছেন প্রকৌশলীরা। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে বিমানটি নিরাপদ ঘোষণা করা হলে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।