চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী রোববার (৯ আগস্ট) নির্ধারিত এই সফরকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং মাদরাসা কর্তৃপক্ষ সমন্বিতভাবে নিরাপত্তা ও অভ্যর্থনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছে।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বাবুনগর মাদরাসায় এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-২) সরোয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়িতে এক আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, "এই সফরের মধ্য দিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সার্বিক উন্নয়নের দাবিগুলো তাঁর কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রতিফলিত হবে।"
সফরকালে ফটিকছড়ির টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হবে বলে জানান সংসদ সদস্য। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা ও বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ, স্থানীয় গ্যাস সম্পদের সুষম বণ্টন ও অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনগণের ব্যবহারের ব্যবস্থা করা, এলাকার ১৮টি চা-বাগান ও ৪টি রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ প্রদান এবং অব্যবহৃত বিস্তীর্ণ খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিভিন্ন এলাকার সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান সরোয়ার আলমগীর।
ব্রিফিংয়ে উপস্থিত রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "যেকোনো কঠিন ও দুর্যোগপূর্ণ মুহূর্তে হুজুর আমাদের পরিবারের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। আমার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় তাঁর অংশগ্রহণের স্মৃতি আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।"
মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন এবং মাদরাসার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ওই দিন সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ সাজসজ্জা করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।