ভোলার মনপুরায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তানজিল হোসেন শান্ত নামে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর করা মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে। গ্রেপ্তারকৃত তানজিল ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের ছেলে এবং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. মিজান এবং অভিযুক্ত মো. তানজিল পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার রাতে তানজিল কৌশলে মিজানের ঘরে প্রবেশ করেন। ওই সময় গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে তানজিল তার গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেন এবং তাকে ধর্ষণ করে চলে যান। রাতে বাজার থেকে মিজান ঘরে ফেরার পর তার স্ত্রী পুরো ঘটনাটি জানান। এরপর প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে তানজিলকে আটক করা হয়।
এই মর্মে গৃহবধূর স্বামী মো. মিজান বলেন, "সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
তবে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন দাবি করেছেন উত্তর সাকুচিয়া ভারপ্রাপ্ত সভাপতি আরিয়ানা খান সুমন। তিনি বলেন, "শান্ত ছাত্রদলের কেউ না। তার সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পর্ক নাই।"
যদিও শান্তকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে এবং তার ফেসবুক আইডিতে নিজস্ব ছবিসহ ছাত্রদলের নানা পোস্টার প্রচার করা হয়েছে বলে জানা গেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।