শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে গতকাল (৬ আগস্ট) কচ্ছপতলী আলোর পাঠশালায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা শিক্ষার্থীদের পড়াশোনার বর্তমান পরিস্থিতি, নিয়মিত উপস্থিতির গুরুত্ব, অধ্যয়ন এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে বাড়িতে নিয়মিত অনুশীলন করানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারী অভিভাবকেরা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা বিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বুঝিয়ে দেওয়া হয়। উপস্থিত সকলের মতে, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি, সদস্য ও সদস্যাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং শিক্ষা মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।