নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে পিস্তলসহ তানিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে তাকে আটক করা হয়।
Aটক তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে তানিম জানান, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে রেখেছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শুক্রবার বিকেলে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। এরপর পিস্তলসহ তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পর্যটনমন্ত্রীর এই পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।