নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে পাচার করা নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে একটি ট্রাক থেকে ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর এক ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল জানতে পারে যে, একটি ট্রাকে করে বড় ধরনের মাদকের চালান ওই এলাকায় আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকার রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র্যাব সদস্যরা দ্রুত ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
র্যাব-১১ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে মাদক উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।