মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. ইব্রাহিম মাগুরা সদর উপজেলার বড়শোলই গ্রামের শুকুর সরদারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহিম তাবলিগ জামাতের সদস্য হিসেবে শহরের স্টেডিয়াম গেট আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় গরম থেকে স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে যান। সেই মুহূর্তে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা তাবলিগের সাথিরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"