অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে কিছুটা দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দলের মূল স্পিনার তাইজুল ইসলামের বোলিংয়ের আঙুলে চোট লেগেছে। চোটের কারণে ম্যাচের দ্বিতীয় দিন তাকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম দিন ব্যাটিংয়ের সময় বলের আঘাত লাগে তাইজুলের বোলিংয়ের আঙুলে। এরপর থেকে ব্যথা অনুভব করছেন তিনি।

তাইজুলের চোট নিয়ে বায়েজিদুল বলেন, ‘গতকাল ব্যাটিং করার সময় তার বোলিংয়ের আঙুলে বল লাগে। এরপর থেকে সেখানে ব্যথা আছে। আমরা জায়গাটা ব্যান্ডেজ করে রেখেছি। আজ তাকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার পর্যবেক্ষণ করব।’

তাইজুল বোলিং করতে না পারায় দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে বল করার সুযোগ পেয়েছেন পেসার মুশফিক হাসান। প্রস্তুতি ম্যাচের মূল একাদশে না থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের অনুমতি নিয়ে তাকে বোলিং করিয়েছে বাংলাদেশ।

দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, তাইজুলের চোটের পর মুশফিককে বোলিং করানোর জন্য প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে বিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও ম্যাচ কর্মকর্তারা তাতে সম্মতি দেন।

তিনি বলেন, ‘ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ চেয়েছিলাম, যেন মুশফিককে দেখতে পারি। তারা রাজি হয়েছে। সে কারণেই আজ মুশফিক বোলিং করতে পেরেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডারউইনে তিন দিনের ম্যাচটি খেলছে বাংলাদেশ। তাইজুলের চোট কতটা গুরুতর, সেটি এখনই নিশ্চিত নয়। শনিবার তার আঙুলের অবস্থা আবার পর্যবেক্ষণ করবে দলের মেডিকেল বিভাগ।