দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে পৌঁছে গেছেন ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমই পেশাদার ফুটবলে নিজের শেষ মৌসুম হতে পারে বলে জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
সম্প্রতি জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। সেই বিয়ে ও পারিবারিক জীবন নিয়ে ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারেই নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।
রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি অসাধারণ একটি লেগেসি রেখে যেতে চাই।’ [ভোগের সাক্ষাৎকার]
তবে এখনো চূড়ান্তভাবে অবসরের দিনক্ষণ ঘোষণা করেননি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ‘সম্ভবত’ শব্দটি ব্যবহার করে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগও খোলা রেখেছেন তিনি। যদিও ফুটবলের পরের জীবন নিয়ে এরই মধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন রোনালদো।
তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পুরোপুরি পরিকল্পিত। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু আছে যে শুধু একটির কথা বলা কঠিন। ফুটবল অনেক বড় শূন্যতা তৈরি করতে পারে। তাই শুধু একটি নয়, বিভিন্ন কিছু দিয়ে সেই সময় পূরণ করতে হবে।’
অবসরের পর পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ভ্রমণ এবং প্যাডেল খেলা ও দেখার পরিকল্পনা রয়েছে রোনালদোর। গত আড়াই দশকের পরিশ্রমের ফলও উপভোগ করতে চান তিনি।
পর্তুগিজ তারকার ভাষায়, ‘আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই। প্যাডেল খেলতে ও দেখতে আমার খুব ভালো লাগে। আমরা যা অর্জন করেছি, সেটিও উপভোগ করতে চাই। কারণ এই ২৫ বছর অনেক ত্যাগের ছিল।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় তার বয়স হবে ৪২ বছর। গত বছর ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন তিনি।
বিশ্বকাপ ও বিয়ের পর দেরিতে অনুশীলনে ফেরায় আল ফাতেহর বিপক্ষে আল নাসরের নতুন মৌসুমের প্রথম ম্যাচে খেলেননি রোনালদো। জর্জিনা ও সন্তানদের সঙ্গে গ্যালারিতে বসে দলের ৩-০ গোলের জয় দেখেছেন তিনি।
স্পোর্তিং লিসবনের হয়ে শুরু করা রোনালদোর পেশাদার ক্যারিয়ার এরই মধ্যে পেরিয়েছে ২৫ বছর। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা।
এখনো গোলের পর গোল করে চলা রোনালদোর সামনে রয়েছে আরও কিছু মাইলফলক স্পর্শের সুযোগ। তবে তার সর্বশেষ বক্তব্যে স্পষ্ট, ফুটবলের সঙ্গে আড়াই দশকের সম্পর্কের পর এবার বিদায়ের কথাও গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছেন পর্তুগিজ কিংবদন্তি।