গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ে হয়। তবে বিয়ের পাঁচ মাস পেরোতেই সংসারে ভাঙনের কথা ঘিরে আলোচনা শুরু হয়েছে। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, রণজয়-শ্যামৌপ্তির বৈবাহিক জীবনে টানাপোড়েন চলছে এবং তাঁরা আলাদা থাকছেন।
এ প্রসঙ্গে গত কয়েক দিনে রণজয় বা শ্যামৌপ্তি—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এরই মধ্যে নীরবতা ভেঙে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার করেন রণজয়। শুটিং সেট থেকেই শেয়ার করা ওই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়—‘ভাবিনি কখনো এ বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কাদা–ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কাম্য নয়। আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আমি আগ্রহী নই। এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একজন নারীকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।’
বিচ্ছেদ প্রসঙ্গে বিভিন্ন চর্চা নিয়ে রণজয় বলেন—‘আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে যা-ই হোক, আমরা বুঝে নেব। কারও কাছে কিছু প্রমাণ করার কি আদৌ কোনো দায় আছে? করজোড়ে অনুরোধ করছি, আমাদের বাঁচতে দিন। আমাদের মতো ছেড়ে দিন। দম নিতে চাই। এত মিথ্যা রটনা নিতে পারছি না।’
এদিকে শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পাশাপাশি রণজয়ের সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে সম্পর্ক নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে রণজয় বলেন—‘এই রটনার প্রমাণ কী?’ এবং তিনি যোগ করেন—‘আমাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা, খারাপ থাকা—আমরা আমাদের মতো করে বুঝে নেব। যা হচ্ছে, সেটা আমরা ডিজার্ভ করি না।’