নেত্রকোনা পৌরশহরে ভাড়া বাসায় গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মো. আকাশ তালুকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কুরপাড় তিতাস গ্যাস অফিস সংলগ্ন এলাকায় মাহাবুল আলম মোহনের মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ তালুকদার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে ডিলার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অথবা আত্মহত্যা করেছেন।"

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।