বর্তমান সরকার পরিকল্পিতভাবে গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর কিং কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আয়োজনে এক মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, "সরকারের কয়েক মাস অতিক্রম করলেও দেশ নানা সমস্যায় জর্জরিত। বিগত নির্বাচনে ৭০ শতাংশ মানুষের গণরায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দেশের মানুষ বিদ্যমান সংবিধানের আংশিক সংশোধন নয়, বরং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী পূর্ণাঙ্গ সংস্কার চায়। কোনো সংশোধন কমিটি আমরা মানব না।"
বিএনপির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "জনগণের ভোটের মর্যাদাকে অবমূল্যায়ন করে শেখ হাসিনার মতো ভুল পথে চালিত হোক বিএনপি—তা আমরা চাই না। এটি শহীদ জিয়ার হাতে গড়া দল। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তবে জনগণের অধিকার হরণ করা হলে বরদাশত করা হবে না।"
১৯৭২ সালের সংবিধানের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, ভারত থেকে কপি করে এনে আমাদের ওপর যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা তা থেকে আল্লাহর ওপর আস্থার অংশটি মুছে দিয়েছিলেন। তাই জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় মূল সংবিধান সংস্কারের স্পষ্ট দাবি জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মামুনুল হক বলেন, "আদালতে শেখ হাসিনার সাজা হওয়ার পরও নয়াদিল্লি তাকে রাজনৈতিক সুবিধা দিচ্ছে। ভারতকে বলব, ব্যক্তির সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।"\ সরকারের উচিত ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা বলে তিনি মনে করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন যুব মজলিস জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ জুনায়েদ ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির শাইখুল হাদীস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মূসা।
এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জাতীয় নাগরিক কমিটির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।