জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তারের এক দিনের মাথায় সোলায়মান ইসলাম নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীন ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সোলায়মান ইসলাম ও আরও এক ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, "দল কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সোলায়মান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।