গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের নীলফামারী জেলা শাখার নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, "দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গ্রাহকদের ওপর অতিরিক্ত ও ভূতুড়ে বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।"

বক্তারা আরও বলেন, "বিদ্যুৎ ও গ্যাস খাতে সুশাসন নিশ্চিত, ভূতুড়ে বিল বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।"

সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।