দিনাজপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মহসিন ওরফে মাছলাঙ্গাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২ আগস্ট দুপুর ১২টায় শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সেই সময় মহসিন তাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর শিল্পি বেগম নামে এক নারীর ঘরের ভেতর নিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজতে শুরু করলে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ওই ঘর থেকে দৌড়ে এসে পুরো ঘটনা জানায়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার ওই দিনই শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি মহসিন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, "মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৩ (দিনাজপুর ক্যাম্প) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ ক্যাম্প) যৌথ অভিযান চালায়। বুধবার রাত ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।