সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর বয়ে এনেছে দেশটির সরকার। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এতে আইনগত কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এবং ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানান।
সাক্ষাতের শুরুতে আল-ঈসা বলেন, "এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন।"
বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে রয়েছে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি, গৃহকর্মী নিয়োগ চুক্তি এবং শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম (এসভিপি) চুক্তির আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়ন। এছাড়া সুবিধাজনক সময়ে যৌথ কমিশন এবং যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়।
কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আরবি ভাষা শিক্ষা, সৌদি আইন ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান প্রদান এবং প্রাক-প্রস্থানে ওরিয়েন্টেশনের লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা, আইটি, নির্মাণ ও হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি ও ভোকেশনাল যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। বিশেষ করে ওয়ার্ক পারমিটের বর্ধিত ফি-র অজুহাতে অনেক নিয়োগকর্তা যে বিলম্ব করছেন, তা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়।
সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশী কর্মীরা সৌদি আরবের সার্বিক উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"