চলতি অর্থবছরের (৩০ জুন ২০২৭) মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রানফার স্টেশন (এসটিএস) পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকারের পাঁচটি স্তর নিয়ে আলোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।"

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, "তার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই। কারণ তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।"

সিলেট সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, "আমি সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাল পুনরুদ্ধার কার্যক্রমে সিসিক উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় সিলেট অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিক যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি আশা করি।"

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সিসিকের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি ঘুরে দেখেন এবং দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও বায়োড্রায়িং প্ল্যান্টের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক মো. শাহীন আহমেদ খান, সিসিকের সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. একরামুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।