রাঙামাটিতে জেলা পর্যায়ের নৌযানসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘নৌযান শুমারি’ সংক্রান্ত একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন। সভায় মূল উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ জমান।

সভায় জানানো হয়, ২০২২ সালের শুমারিতে ৪২২টি ঘাটে ৪ হাজার ২৯৬টি নৌযানের তথ্য পাওয়া গিয়েছিল। তবে ২০২৬ সালের প্রাথমিক তথ্যে ৫৭০টি ঘাটে ৭ হাজার ৮৯৮টি এবং ঘাটের বাইরে আরও ১ হাজার ৮৫৯টি নৌযানের সন্ধান পাওয়া গেছে।

বক্তারা উল্লেখ করেন, সঠিক তথ্যের অভাবে দুর্ঘটনার পর নৌযানের মালিক বা চালককে খুঁজে পাওয়া এবং সরকারি সহায়তা প্রদান করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি নিরসনে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০৮ জন গণনাকারীর মাধ্যমে জেলায় নতুন করে শুমারি পরিচালিত হবে।

কোনো ইঞ্জিনচালিত নৌযান যেন গণনার বাইরে না থাকে, সে বিষয়ে জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নৌযান মালিকদের হয়রানি বন্ধ করতে জেলায় বিআইডব্লিউটিএ অফিস স্থাপনের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।