গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে যানজ ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পাশের বনে পালিয়ে যায়।
নিহত চালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি পরিবারসহ উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া থাকতেন। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনের একটি নির্জন স্থানে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে দুই-তিনজন ছিনতাইকারী যাত্রী হিসেবে একটি অটোরিকশা ভাড়া করে কালামপুর এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আক্তার স্পিনিং মিলের সামনের নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
চালকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, "চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা রক্তাক্ত অবস্থায় অটোরিকশা চালককে দেখতে পাই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, "নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"