মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালানো হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে ইট-পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে।

হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, "বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।"

ওসি আরও জানান, "প্রাথমিকভাবে মনে হচ্ছে বাড়ির লোহার গেটের উপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রোল বোমা হামলার আলামত পাওয়া যায়নি।"

উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।