জুলাইয়ের গণআন্দোলন কেবল কোটা সংস্কারের জন্য ছিল না, বরং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই ছাত্র-জনতা রাজপথে নেমেছিল বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "জুলাইয়ের যোদ্ধারা কেবল কোটার দাবিতে নামেননি। তারা ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই মাঠে নেমেছিলেন। এই অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক নয়; এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়।"
বক্তব্যেরই এক অংশে তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করছেন। দেশের মানুষ এখন বিভাজন নয়, উন্নয়ন ও স্থিতিশীলতা চায়।"
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।